ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২২জনের মৃত্যু হয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন হাসিনা। সেই ঘটনায় এবার মহম্মদ ইউনুস জড়িত বলে দাবি করলেন হাসিনা। তাঁর আরও অভিযোগ তাঁকে হত্যার উদ্দেশে ওই গ্রেনেড হামলা করা হয়েছিল।
উল্লেখ্য গ্রেনেড হামলা যখন হয় তখন হাসিনা ছিলেন জাতীয় সংসদের বিরোধী নেত্রী। গ্রেনেডের শব্দে তাঁর একটি কানের শ্রবণ ক্ষমতা হারিয়েছেন বলে দাবি হাসিনার। এই ঘটনায় বিএনপি নেতা তারেক রহমান, খালেদা জিয়ার তৎকালীন মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর-সহ দোষী সাব্যস্ত হওয়া নেতাদের প্রথমে হাই কোর্ট, পরে সুপ্রিম কোর্ট নির্দোষ ঘোষণা করে। আর এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেন হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে আদালতও এখন পরাধীন। আইনের শাসন বলে কিছু নেই দেশে। তাঁর কথায়, ‘গ্রেনেড হামলার নিন্দায় মুখর হয়েছিল দেশ-বিদেশের মানুষ। দেশের বুদ্ধিজীবারা সরব হন। কিন্তু একজন তখন টুঁ শব্দটি করেননি। তিনি মহম্মদ ইউনুস।’ ইউনুস এই হামলায় জড়িত বলে অভিযোগ করেন হাসিনা
পাশাপাশি তাঁর পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সদস্যদের হত্যার পিছনে বিএনপির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনা কর্তা প্রয়াত জিয়াউর রহমানকেও অভিযুক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার বাবা ও পরিবারের লোকজনকে খুন করিয়ে জোর করে ক্ষমতা দখন করেছিলেন জিয়া।
প্রসঙ্গত, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। হাসিনা দেশছাড়ার পর বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
