ওঙ্কার ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS)-এর বিখ্যাত কুপোলা মডিউলের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন এক ভারতীয়, মুখে আত্মবিশ্বাসী হাসি এই দৃশ্য এখন কোটি কোটি ভারতীয়ের গর্বের প্রতীক। তিনি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতের এই গগনযাত্রী বর্তমানে ISS-এ ১৪ দিনের এক বিশেষ বৈজ্ঞানিক অভিযানে রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন একাধিক গবেষণায়। গত ২৬ জুন তিনি পৌঁছেছেন মহাকাশ স্টেশনে(ISS)। এই মিশন পরিচালনা করছে আমেরিকার বেসরকারি সংস্থা অ্যাক্সিয়ম স্পেস। ইতিমধ্যেই মিশনের ৯টি দিন ‘ফলপ্রসূ ও সফল’ বলে জানিয়েছে সংস্থাটি। শুভাংশুর সঙ্গী হিসাবে রয়েছেন ISS-এ মহাকাশ যাত্রার অভিজ্ঞ মার্কিন কমান্ডার পেগি হুইটসন, ইউরোপিয়ান নভোচারী স্লাওস উজনানস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
১৪ দিনের এই সফরের উদ্দেশ্য হল কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা। মায়োজেনেসিস গবেষণা অর্থাৎ মহাকর্ষশূন্য অবস্থায় মানুষের পেশি ক্ষয় কীভাবে হয়, তার পদ্ধতিগত বিশ্লেষণ, স্পেস মাইক্রো অ্যালগি প্রজেক্ট, যার লক্ষ্য হল মহাকাশে মাইক্রো অ্যালগিকে ভবিষ্যতের খাদ্য, জ্বালানি ও অক্সিজেন উৎপাদনে ব্যবহারযোগ্য করে তোলা, এছাড়াও স্প্রাউটস প্রজেক্টে মহাকাশে বীজ অঙ্কুরোদ্গম ও উদ্ভিদ বৃদ্ধির উপর গবেষণা, দীর্ঘমেয়াদি মহাকাশ যাত্রায় টেকসই কৃষির পদ্ধতি নিয়ে চলবে এই মিশন। পাশাপাশি স্টেম ডেমোর মাধ্যমে মহাকর্ষশূন্যতায় রাসায়নিক ও ভৌত পরিবর্তন ছাত্রছাত্রীদের সামনে প্রদর্শন, মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো হব এই সফরের অন্যতম লক্ষ্য।
এই অভিযানের অন্যতম স্মরণীয় অধ্যায়, শুভাংশু শুক্লার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি ১৮ মিনিটের কথোপকথন। মহাকাশে প্রথম যাত্রার অনুভূতি কী এই প্রশ্নে শুভাংশুর জবাব ছিল গভীর ও আবেগঘন। তিনি বলেন, “মহাকাশ থেকে কোনো সীমান্ত চোখে পড়ে না। পুরো পৃথিবীটা এক অভিন্ন গ্রহের মতো মনে হয়। আর ভারত? মানচিত্রে যতটা ছোট দেখাই, মহাকাশ থেকে অনেক বড় মনে হয়”।
