নিজস্ব সংবাদ্দাতা,আসানসোল : রথযাত্রা ঘিরে মেতে উঠলেন শিল্পাঞ্চলের মানুষ। শিল্পাঞ্চলের বেশ কয়েকটি বনেদি রথযাত্রাকে ঘিরে এ বারেও উৎসাহ উদ্দীপনার খামতি নেই। যেমন রানিগঞ্জের সিয়ারশোল রাজবাড়ীর রথ। রানীগঞ্জ রাজপরিবারের ১৮৯ বছরের পিতলের রথে থাকেন কূলদেবতা দামোদর চন্দ্র জিউ পিতলের ভারী রথ টানতে ব্যবহার হয় লরি ।
রথযাত্রার দিন সকালে সিয়ারসোলের মালিয়া পরিবার কূল দেবতা দামোদর চন্দ্র জিউয়ের পুজো করে রথে চাপানো হয়। তারপর নতুন রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় পুরানো রাজবাড়িতে। আগে উৎকল সমাজের শ্রমিকরা এই রথ টানতেন। এখন বড় লরি দিয়ে রথ টানা হয়। রথযাত্রা উপলক্ষ্যে প্রাচীন রথের মেলাও বসে।
রাজ পরিবার সূত্রে জানা যায় ১৮৩৬ সালে জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের উদ্যোগে সিয়ারশোলের রথযাত্রা শুরু হয়। তখন কাঠের রথ ছিল। পরে সেটিতে আগুন লাগলে হাওড়া থেকে পিতলের রথ আনা হয়। ১৯২২ সালে ফের পিতলের আচ্ছাদনে ৩৫ ফুট উঁচু রথ তৈরি হয়। মাহেশের আদলে তৈরি সিয়ারশোলের রথে থাকেন রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র জিউ।
কাঠের রথের হিসেবে ধরলে ১৮৯ বছরের পুরানো সিয়ারসোল রাজবাড়ীর রথ। সোজা রথের পর ঠিক নবম দিনে হয় উল্টোরথ।তবে রাজবাড়ীর সঙ্গে এখন অবশ্য রথের সামগ্রিক পরিচালনায় রয়েছে সিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন।
