ওঙ্কার ডেস্ক: ব্রিটেনের ওল্ডবেরি শহরে এক শিখ মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ। শুধু তাই নয় তাঁকে ধর্ষণ করার সঙ্গে হুমকিও দেওয়া হয়েছে। দুই অভিযুক্ত হুমকি দিয়ে নির্যাতিতাকে বলেছে, ‘নিজের দেশে ফিরে যাও’। এই ঘটনা ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের ওল্ডবেরি শহরে দুই পুরুষের হাতে ধর্ষণের শিকার হওয়ার পাশাপাশি ওই শিখ মহিলা বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওল্ডবেরির টেম রোডের কাছে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পুলিশ ‘বর্ণগতভাবে তীব্র’ আক্রমণ হিসেবে মনে করছে। আক্রমণকারীদের খুঁজে বের করার জন্য মানুষের কাছে সাহায্য চেয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার অভিযোগ, আক্রমণকারীরা বর্ণবাদী মন্তব্য করেছে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ফরেনসিক তদন্তও শুরু করা হয়েছে। রিপোর্ট অনুসারে, সন্দেহভাজনরা শ্বেতাঙ্গ ছিল বলে মনে করা হচ্ছে। এক জনের মাথা কামানো ছিল এবং গাঢ় রঙের পোশাক পরে ছিল। অন্য জন ধূসর রঙের টপ পরে ছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
অন্য দিকে এই ঘটনা প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় শিখ সম্প্রদায় গোটা ঘটনায় ক্ষুব্ধ। স্থানীয় এক পুলিশ কর্তা বলেন, ক্ষোভ আমরা বুঝতে পারছি। পুলিশ আশ্বাস দিয়েছে, এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ সাংসদ প্রীত কৌর গিল। তিনি বলেন, সাম্প্রতিক কালে ‘প্রকাশ্য বর্ণবাদের’ বৃদ্ধি গভীরভাবে উদ্বেগজনক।
