ওঙ্কার ডেস্ক: অতিরিক্ত মদ্যপান এবং তার ফলে গলায় খাবার আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায়। এই ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার এক পুলিশ কর্তা জানিয়েছেন, মৃত দুই ইঞ্জিনিয়ারের নাম মণি কুমার (৩৫) এবং পুষ্পরাজ (২৭)। গত ১৭ জানুয়ারি চার বন্ধুর সঙ্গে নিজেদের গ্রামে দেখা করেন। সবাই মিলে বেশ কয়েক ঘণ্টা ধরে বিয়ার পান করেন। রায়চোটির ডেপুটি পুলিশ সুপার কৃষ্ণ মোহন বিষয়টি নিয়ে বলেন, ‘আন্নামায়া জেলার দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। তার পর গলায় খাবার আটকে মারা গেছেন।’
পুলিশ কর্তা আরও জানান, ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তাঁদের বন্ধুরা ১৯টি বিয়ারের বোতল কিনেছিলেন। ওই দিন বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত সেগুলো পান করেন তাঁরা। সূত্রের খবর, এই সময়ে মণি কুমার একা প্রায় ছয়টি এবং পুষ্পরাজ প্রায় পাঁচটি বিয়ারের বোতল খালি করেন। পুলিশ কর্তা বলেন, বাড়ি ফেরার পথে মণি কুমার অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্ট। বিষয়টি তিনি বন্ধুদের জানান। এরপর চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ওই দিন পরে রাত ১০টা নাগাদ পুষ্পরাজও মারা যান। পুলিশের মতে, বিয়ার পান করার আগেই মণি কুমার নেশাগ্রস্ত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত মদ্যপান ও গলায় খাবার আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।
ঘটনার পর ১৮ জানুয়ারি মণি কুমারের বাবা নরসিংহ থানায় একটি অভিযোগ দায়ের করেন। যদিও কী কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়টি তিনি উল্লেখ করেননি। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে ব্যবহৃত বিয়ারের বোতল থেকে নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সেই রিপোর্টে বিয়ারে কোনও ভেজাল পাওয়া যায়নি।
