নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়ের শারীরিক পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠছে বলে জানানো হয়েছে হাসপাতাল কতৃপক্ষ থেকে। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি চিকিৎসকদেরও ভাবিয়ে তুলেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি স্থিতিশীল হলেও অবস্থার জটিলতা বেড়েছে। দিঘায় রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন দমদমের সাংসদ। তাঁর শরীরে ইতিমধ্যেই পেসমেকার বসানো হয়েছে। অক্ষয়তৃতীয়ার দিন অসুস্থ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তাঁকে বাড়িতে রাখার ঝুঁকি নেওয়া হয়নি। প্রথমে বেলঘরিয়ার এক হাসপাতালে এবং পরে দক্ষিণ কলকাতার আরেক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
গত ২২ জুন থেকে হাসপাতালে ভর্তি সৌগত রায়ের সম্প্রতি স্নায়ুর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসার জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড, যেখানে রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ মনোজ সাহা ছাড়াও বৈভব শেঠ, অরিন্দম মৈত্র ও রাহুল জৈন। চিকিৎসকরা জানিয়েছেন, অনিদ্রার সমস্যাই মূলত শারীরিক জটিলতা বাড়াচ্ছে। হাসপাতালের বুলেটিনে বলা হয়েছে, সাংসদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে, শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে, কিডনির সমস্যাও দেখা দিয়েছে। সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপের সমস্যা, ইনসুলিনও দিতে হয়েছে। শারীরিক দুর্বলতার কারণে রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। পাশাপাশি, ফিজিওথেরাপিরও প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শারীরিক দুর্বলতার কারণে বলতে গিয়ে কথা জড়িয়ে গিয়েছে তাঁর। পিঠের ব্যথাতেও ভুগছেন তিনি। সব মিলিয়ে দলের সহকর্মীরা এবং অনুরাগীরা খুবই উদ্বিগ্ন। বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবনেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। তখনও তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে যেতে হয়েছিল। তবে সে বার বড় কোনও জটিলতা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। এবার পরিস্থিতি তুলনায় জটিল হওয়ায় আরও বেশি সতর্ক চিকিৎসকরা।
