স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: অনবদ্য বাংলা। নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বের যাত্রা শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা। এদিন শুরু থেকেই ম্যাচে ছিল বাংলার আধিপত্য। ম্যাচের শুরুতেই রবি হাঁসদার গোলে এগিয়ে যায় বাংলা। ৩৩ মিনিটে দুরন্ত হেডে গোল করে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। ৩৭ মিনিটে সুযোগ পেয়ে যায় নাগাল্যান্ডও। অনবদ্য সেভ করেন বাংলার গোলরক্ষক।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলা। সেকেন্ড হাফের ৪৮ মিনিটে আকাশ হেমব্রম গোল করে স্কোর ৩-০ করেন। এরপর ম্যাচের রাশ থাকে বঙ্গ ফুটবলারদের অনুকূলেই। মুহুর্মুহু আক্রমণে তখন কার্যত ছত্রভঙ্গ অবস্থা নাগাল্যান্ডের। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আকাশ হেমব্রম আকিব। শেষ পর্যন্ত ৪-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলার ফুটবলাররা।
বাংলার পরের ম্যাচ আগামী ২৩ জানুয়ারি। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। বাংলার কোচ সঞ্জয় সেন বলেন, প্রথম ম্যাচ টুর্নামেন্টে কোনও সময় সহজ হয় না। ছেলেরা যে চাপটা নিতে পেরেছে সেটা ভালো লাগছে। নাগাল্যান্ড পাহাড়ি দলকে হারিয়ে উঠে এসেছে। ওরা ভালো দল। তবে আমাদের প্রতি ম্যাচই মরণবাঁচন মনোভাব নিয়ে খেলতে হবে। ম্যাচের সেরা আকিব বললেন, ‘ভালো লাগছে। এই ভাবে দলকে টানতে চাই, জেতাতে চাই।’
