স্পোর্টস ডেস্ক : ডুরান্ড কাপের বদলা কলকাতা লিগে নিল ইস্টবেঙ্গল। যে ডায়মন্ডহারবার এফসির কাছে ডুরান্ড কাপ সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় লাল হলুদের সেই ডায়মন্ডহারবারকে রবিবার কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিশোর ভারতীতে ৩-১ গোলে হারিয়ে লিগ জয় অনেকটাই এগিয়ে গেলো ইস্টবেঙ্গল। সুপার সিক্সের প্রথম ম্যাচে কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি সায়ন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ মজুমদার। এদিন এই ফুটবলারই রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন লাল হলুদ কোচ বিনো জর্জ। ইস্টবেঙ্গলকে ২৩ মিনিটে এগিয়ে দেন ডেভিড। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।
সেকেন্ড হাফে ডুরান্ড সেমিফাইনালের নায়ক তথা লাল হলুদের প্রাক্তন গোলমেশিন জবি জাস্টিন অনেক গোলের সুযোগ পান কিন্তু গোল হয়নি।যদিও প্রথমার্ধে ইস্টবেঙ্গল অনেক গোল মিস করে। সেকেন্ড হাফে ম্যাচের ৭২ মিনিটে সমতা ফেরান ডায়মন্ড হারবার দলের কিমা। পলের ফ্রিকিক থেকে হেডে গোল সাইরুয়াতকিমার। তবে মাত্র ২ মিনিটের মধ্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে সায়নের পাস থেকে ডান পায়ের আলতো টোকায় ২-১ করে ইস্টবেঙ্গল। এরপর জেসিন টিকে গোল মিস করেন। তবে তার কিছুক্ষণ পরেই আবার তিনি গোল করে ব্যবধান বাড়ান।আগামী ২২ সেপ্টেম্বর ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সুপার সিক্সের প্রথম দুটো ম্যাচ জিতে ছয় পয়েন্ট ইস্টবেঙ্গলের। শেষ ম্যাচ জিতলে সরাসরি চ্যাম্পিয়ন। ড্র করলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে দেখা হবে গোল পার্থক্য।
