ওঙ্কার ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার হার ভারতের। একদিনের সিরিজের প্রথম ম্যাচে পরাজয় দিয়ে শুরু হল যাত্রা। রবিবার সকাল থেকে অস্ট্রেলিয়ার পার্থে ছিল মেঘলা আকাশ। সেই আবহে ম্যাচ শুরু হয় এদিন। টসে হেরে প্রথম ব্যাট করে ভারত। ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে মেন ইন ব্লু। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৬ ওভারে ১৩১ রান নির্ধারণ হয় ভারতের। প্রসঙ্গত, খারাপ আবহাওয়ার কারণে ৫০ ওভারের ম্যাচ কমানো হয় ২৬ ওভারে।
পরে ব্যাট করতে নেমে ১৩১ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে অজিরা। অধিনায়ক মিচেল মার্শ যোগ্য নেতৃত্ব দিলেন। মাথা ঠান্ডা রেখেই দায়িত্ব পালন করেন তিনি। এদিন রোহিত শর্মা, বিরাট কোহলিদের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। রোহিত শর্মা করেন ৮ রান, কোহলি শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। অধিনায়ক শুভমনও এদিন বেশি রান পাননি। মাত্র ১০ রান করে আউট হয়ে যান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের বাউন্স–সুইং সামলাতে না পেরে ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ২৭ রান করে। এদিন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল উল্লেখযোগ্য রান করেন। রাহুল করেন ৩৮। তার মধ্যে দুটি চার এবং দুটি ওভার বাউন্ডারি। অক্ষর করেন ৩১।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রেভিস হেড ও অধিনায়ক মার্শ শুরুটা ভাল করেন। হেড অর্শদীপ সিংহের বলে বড় শট মারতে গিয়ে আউট হন। তিন নম্বরে নামেন ম্যাথু। তিনিও বেশি রান পাননি। তাঁর উইকেটও নেন অক্ষর। এদিন ভারতীয় বোলাররাও হতাশ করেন। অর্শদীপ, সিরাজ, হর্ষিতদের বিরুদ্ধে খেলতে অজি ব্যাটমানদের কোনও অস্বস্তি হচ্ছিল না। অনায়াসে বড় শট খেলতে পেরেছেন তাঁরা।
