ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দেশের ক্রীড়ামহলে বিতর্ক তৈরি হয় জাতীয় হকি দলের জার্সির রঙ বদল করা নিয়ে। ২০২৬ বিশ্বকাপের আগে পুরুষ ও নারী জাতীয় দলের জার্সির রঙ বদলে গেরুয়া করা হয়েছে। যা নিয়ে প্রশ্ন তোলেন পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক ভিরেন রাসকুইনহা। এ বার এ বিষয়ে ব্যাখ্যা দিল দেশের হকি খেলার নিয়ন্ত্রক সংস্থা ‘হকি ইন্ডিয়া’।
গত ২৭ জুলাই সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে হকি ইন্ডিয়া জানায়, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলা আসন্ন হকি বিশ্বকাপে উভয় দল নীল জার্সির বদলে গেরুয়া রঙের জার্সি পরে খেলবে। এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর ৩০ জুলাই এক বিবৃতিতে হকি ইন্ডিয়া জানায়, মূল ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে আগের নীল জার্সি মাঠের নীল পৃষ্ঠের সঙ্গে মিশে যাচ্ছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জানাতে চাই, ইউনিফর্মের রঙ বদলের সিদ্ধান্ত সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সুপারিশ এবং তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর নেওয়া হয়েছে। এর পেছনে মূল কারণ প্রযুক্তিগত। দেখা গিয়েছে, নীল রঙের ইউনিফর্ম আন্তর্জাতিক হকি পিচের নীল পৃষ্ঠের সঙ্গে মিশে যাচ্ছিল। এই রঙের সাদৃশ্য মাঠের মধ্যে খেলোয়াড়দের ক্ষেত্রে সমস্যা তৈরি করছিল।’
হকি ইন্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুলে রাসকুইনহার পোস্টটি ভাইরালহয় সমাজ মাধ্যমে। বৃহস্পতিবার, ভারতের প্রাক্তন অধিনায়ক তাঁর পোস্ট ঘিরে অপ্রয়োজনীয় রাজনীতিকরণের বিষয়টিও তুলে ধরেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি এ বিষয়ে অনেক অপ্রয়োজনীয় রাজনৈতিক মন্তব্য দেখছি। আমি এসবের মধ্যে জড়াতে চাই না। আমার সহজ ও বিনম্র বক্তব্য হল গর্ব, পরিচিতি ও ঐতিহ্য নিয়ে। ফুটবলের ক্ষেত্রে আর্জেন্টিনা যা, হকির ক্ষেত্রে ভারতও তাই। আমরা কি কখনও আর্জেন্টিনাকে কমলা ও সাদা ডোরাকাটা জার্সি পরে খেলতে দেখব?’