ওঙ্কার ডেস্ক: চলতি ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার পাকিস্তানের তরফে জানানো হয়েছে, তারা প্রতিযোগিতায় অংশ নেবে কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে হতে চলা ম্যাচটি খেলবে না। এই বিষয়ে এবার নীরবতা ভাঙল আন্তর্জকাতিক ক্রিকেট কাউন্সিল।
এক বিবৃতিতে আইসিসি-র তরফে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ক্রিকেটের অখণ্ডতাকে ক্ষুণ্ন করবে। শুধু তাই খেলাধুলার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিসি এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর কাছ থেকে এই সিদ্ধান্ত সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বার্তা পায়নি। পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ সালের আইসিসির পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলকে বেছে বেছে অংশগ্রহণের যে নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার, সেই সিদ্ধান্ত সম্পর্কে আইসিসি অবগত।’ আরও বলা হয়েছে, ‘যদিও আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগের অপেক্ষায় রয়েছে, বেছে বেছে অংশগ্রহণের এই অবস্থান বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের মৌলিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেখানে আশা করা হচ্ছে সমস্ত যোগ্য দল ইভেন্টের সময়সূচী অনুসারে সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেবে।’
উল্লেখ্য, ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র-এর সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় হবে বলে নির্ধারিত হয়ে রয়েছে। পাকিস্তানের ক্রিকেট টিম তাদের ম্যাচ শুরু করবে ৭ ফেব্রুয়ারি থেকে, টুর্নামেন্টের প্রথম দিন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান, এরপর ১০ ফেব্রুয়ারি যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে।
