ওঙ্কার ডেস্ক: ভারত সফরে এসেছিলেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লির পর সফরসূচি বদল করে গিয়েছিলেন জামনগর। আম্বানিদের বনতারায়। সেখানেই এক্কেবারে ভিন্ন রূপে দেখা গেল মেসিকে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা বনতারার ভিতরে থাকা শিবমন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢালেন, দুধ ঢেলে অভিষেক করেন। ফুল ও বেলপাতা অর্পণ করে মাথা ঝুঁকিয়ে প্রণাম পর্যন্ত করেন। তখন তার গলায় ছিল রুদ্রাক্ষ। শুধু তাই নয়, সকলের সঙ্গে গলা মিলিয়ে উচ্চারণ করেন—“হর হর মহাদেব।” সেই মুহূর্তের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।

সূত্রের খবর, জামনগরে পৌঁছনোর পর আম্বানি পরিবারের সদস্যরা মেসিকে পারিবারিক অতিথির মতোই আপ্যায়ন করেছেন। বনতারার ভিতরের চিড়িয়াখানার নানা দিক অনন্ত আম্বানি নিজে মেসিকে ঘুরিয়ে দেখান। বিভিন্ন জীবজন্তুর সঙ্গে তাঁর আলাপ হয়। সূত্রের খবর, মেসির সম্মানে বনতারার একটি সিংহশাবকের নাম রাখা হয়েছে ‘লিওনেল’।
