স্পোর্টস ডেস্ক : SA20 লিগের নতুন মরশুমের আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইনস্টাগ্রামে ফ্র্যাঞ্চাইজিটি একটি পোস্ট শেয়ার করেছে, যাতে জানানো হয়েছে, “প্রিন্স ক্যাপিটালস শিবিরে রাজকীয় ভাব আনতে প্রস্তুত ! আমরা সৌরভ গাঙ্গুলিকে আমাদের নতুন প্রধান কোচ হিসাবে ঘোষণা করতে পেরে আনন্দিত”। কোনও পেশাদার ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে এটি হবে সৌরভের প্রথম পদক্ষেপ। প্রধান কোচের ভূমিকায় তিনি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হবেন।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ প্রশাসনিক ভূমিকায় যোগ দেন। বিশেষ করে বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এর সভাপতি থাকার পাশাপাশি ICC পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে ডিসির পরামর্শদাতা হিসেবে ছিলেন কিন্তু বিসিসিআই সভাপতি হওয়ার জন্য তিনি তা অল্প দিনের পর ছেড়ে দেন। সেই মেয়াদ শেষ হওয়ার পর আবার ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসেন। কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালসে সৌরভকে এখন একটি পেশাদার ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাতে বাধা না হয়ে যায় তাই এসএ২০ সুচিটি এগিয়ে আনা হয়েছে। এটি ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে গাঙ্গুলির প্রথম লক্ষ্য হবে ৯ সেপ্টেম্বরের খেলার জন্য নিলামে সেরা খেলোয়াড়দের নির্বাচন করা।
