ওঙ্কার ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে আরও একবার ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। ভাঙলেন বিশ্বকাপের একাধিক বয়সভিত্তিক রেকর্ড। বুলাওয়েওতে বাংলাদেশের বিরুদ্ধে বৈভব করলেন ৭২ রান। শুরু থেকেই আগ্রাসী মেজাজ। মাত্র ৩০ বলে হাফ-সেঞ্চুরি। যার সুবাদে লেখা হল ইতিহাস—মাত্র ১৪ বছর ২৯৬ দিন বয়সী বৈভব এখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চাশের বেশি রান করা সবচেয়ে কম বয়সি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের শহিদুল্লা কামালের।
আরেকটি বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। যুব ওয়ানডেতে ভারতের হয়ে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় টপকে গিয়েছেন বিরাট কোহলিকেও। মাত্র ২০টি যুব ওয়ানডেতে বৈভবের রানসংখ্যা আপাতত ১,০৪৭। কোহলির ছিল ৯৭৮ রান, ২৮ ম্যাচে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে বৈভব সূর্যবংশী রেকর্ড ভেঙে বুঝিয়ে দিলেন, বয়সে ছোট হলেও, তিনি অনেক এগিয়ে। শুধুই যে বয়সের তুলনায় এগিয়ে তাই নন, তিনি এখন সিনিয়রদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও প্রস্তুত।
