ওঙ্কার ডেস্ক: ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চল। ঘূর্ণিঝড়ের ফলে প্রবল বর্ষণ এবং ভূমিধসের কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৩ জনের। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় বিধ্বস্ত দ্বীপরাষ্ট্রটিতে নিখোঁজ রয়েছেন ১৩০ জন। প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল ভারত। শ্রীলঙ্কায় ত্রাণকাজের জন্য নয়াদিল্লি শুরু করেছে ‘অপারেশন সাগরবন্ধু’।
রিপোর্ট অনুসারে, শুক্রবার ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চলে লাগাতার বর্ষণ শুরু হয়, এর ফলে শতাধিক মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৪,০০০ এরও বেশি মানুষ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেশিরভাগ মৃত্যু হয়েছে ধস নামার কারণে। বহু পরিবারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। ভারী বর্ষণের ফলে বহু রাস্তা জলের তলায়। ডুবে গিয়েছে ঘরবাড়ি থেকে শুরু করে ফসলের ক্ষেত।
প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের এমন বিপর্যয়ে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ঘূর্ণিঝড়ে এত মানুষের মৃত্যুর পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, ‘ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় যাঁরা প্রিয় মানুষদের হারিয়েছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানাই।’ সেই সঙ্গে দুর্যোগের জেরে আহত, ঘরছাড়া মানুষদের দ্রুত সুস্থতা কামনা করেন নরেন্দ্র মোদী। তিনি আরও লেখেন, ‘‘অপারেশন সাগর বন্ধু’ অভিযানে নেমেছে ভারত। জলসীমার সব চেয়ে কাছে থাকা প্রতিবেশী রাষ্ট্রে ইতিমধ্যেই প্রয়োজনীয় ত্রাণ সাহায্য পৌঁছে দিয়েছে ভারত। আমরা আরও ত্রাণ ও সহযোগিতা পাঠাতে প্রস্তুত। শ্রীলঙ্কার বিপদে ভারত সর্বক্ষণ পাশে আছে।’ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শ্রীলঙ্কার বিপদে ইতিমধ্যে ত্রাণসামগ্রী নিয়ে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস উদয়গিরি সেদেশের উপকূলে পৌঁছে গিয়েছে।
