স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে ইতিহাস লিখলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি করলেন তিনি। পাশাপশি তিনিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যাঁর ৩ ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে।
কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হয় ভারতের পুরুষ ক্রিকেট দল। শনিবার ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাথে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। যেখানে ইংল্যান্ডকে ৯৭ রানে হারিয়েছে ভারত। আর এই জয়ের অন্যতম কারিগর হলেন অধিনায়ক স্মৃতি মন্ধানা। ৬২ বলে ১১২ রানে অনবদ্য ইনিংস খেলেন তিনি।প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরির মালিক হলেন স্মৃতি (টি-২০ ফরম্যাটে)। পাশাপাশি দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ২০১৮ সালে ৯ নভেম্বর নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৫১ বলে ১০৩ রান করেছিলেন হরমনপ্রীত কৌর।
এছাড়া টেস্ট, ওডিআই এবং টি-২০ এই তিন ফরম্যাটেই সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্মৃতি। তিনি হিদার নাইট, ট্যামি বিউমন্ট, লরা ওলভার্ড এবং বেথ মুনির মতো তারকা ক্রিকেটারদের এলিট ক্লাবে প্রবেশ করলেন (৩ ফরম্যাটে সেঞ্চুরির নিরিখে)।মান্ধানা সেঞ্চুরি হাঁকালেন। তাঁর দল বড় ব্যবধানে জিতল। মান্ধানা জানালেন, তাঁর সতীর্থরা সেঞ্চুরির জন্য মান্ধানাকেই বকাঝকা করতেন। ম্যাচ জিতে সিরিজে ১-০-এ এগিয়ে যাওয়ার পরে মান্ধানা বললেন, ”তিনদিন আগের কথা। আমি আর রাধা যাদব কথাবার্তা বলছিলাম। এই মেয়েগুলো আমাকে বকাঝকা করে মাঝেমধ্যে। ও আমাকে বলছিল, টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার এটাই সেরা সময় স্মৃতি। তুমি ৭০-৮০-র ঘরে আউট হয়ে যাচ্ছো। নিজের প্রতিভার প্রতি সুবিচার একেবারেই করছো না।’
