ওঙ্কার ডেস্কঃ এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বরের বদলে আগামী ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময় পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকেরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন। বেতনও পাবেন। কিন্তু রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই পদক্ষেপ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আগামী ৩১ আগস্ট তারিখ পর্যন্ত বেতন পাবেন যোগ্য শিক্ষকেরা।
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় ৭ জানুয়ারি আমরা চূড়ান্ত রেজ়াল্ট পাবলিশ করে দেব। নবম-দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি। তাই অগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।”
শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে লেখেন, ‘সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন’।
সুপ্রিম নির্দেশের পর ‘যোগ্য’ শিক্ষকদের অন্যতম প্রতিনিধি মেহবুব মণ্ডল বলেন, “যে সময়সীমা বৃদ্ধি হয়েছে, তা আমরা সদর্থক ভাবে দেখছি। সময়সীমা না বাড়লে যাঁরা গত পাঁচ বছর ধরে চাকরি করছিলেন, তাঁরা বেতনহীন হয়ে পড়তেন। আশা করি সব ঠিক হবে’।
