ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শনিবার তা প্রকাশ করার কথা এসএসস্যার। কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা। আর তা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে চর্চা। কারণ সেই তালিকায় নাম রয়েছে এক তৃণমূল নেতার, রয়েছে শাসকদলের এক বিধায়কের মেয়ের নামও।
সূত্রের খবর, নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থী রয়েছে ৯৯৩ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগে দাগি প্রার্থীর সংখ্যা ৮১০ জন। এর মধ্যে নবম দশম শ্রেণিতে ওএমআর শিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। এছাড়া র্যাঙ্ক জাম্প করে অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সূত্রের খবর, এসএসসির অযোগ্য তালিকায় নাম রয়েছে প্রায় ১ হাজার ৯০০ জনের।
সংবাদ মাধ্যমে আগে ভাগেই তালিকা ফাঁস হয়ে যাওয়ায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, ‘এ হল স্বজনপোষণ ও দুর্নীতির চরমতম নিদর্শন’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এক্ষুণি পদত্যাগ করে। যারা রাজ্যের তরুণ প্রজন্ম ও যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে খেলে তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। বাংলা এবার বিচার চায়।’
