ওঙ্কার ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম জলপথ হরমুজ প্রণালীতে আবারও আক্রান্ত হল জাহাজ। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ‘ডিরেক্টরেট অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন’-এর রিপোর্ট উল্লেখ করে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে রবিবার হরমুজে একটি জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে ওই জাহাজে থাকা নাবিক এবং সদস্যদের মধ্যে থাকা ন’জন ভারতীয়-সহ বাকিরা অক্ষত রয়েছেন।
রিপোর্ট অনুসারে, যে জাহাজটি আক্রান্ত হয়েছে সেটি লাইবেরিয়ার পতাকাবাহী। এলপিজি ট্যাঙ্কার বহনকারী এমটি আল মারিয়াহ-তে হামলার সময় ১৯ জন ছিলেন। জাহাজের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি। জলযানটিকে দ্রুত ওই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খোর ফাকান অঞ্চলে বর্তমানে সেটি নোঙর করা হয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের ফলে অবরুদ্ধ হয়ে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পৃথিবীর নানা প্রান্তে জ্বালানি সরবরাহ হয়। হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরোপের ফলে পণ্যবাহী জাহাজ যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে।
তেহরানের স্পষ্ট দাবি, হরমুজে তাদের একচেটিয়া অধিকার। তাদের অনুমতি ছাড়া এই প্রণালী দিয়ে কোনও জাহাজ পার হলে হামলার শিকার হতে পারে। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পালটা চাপ তৈরির কৌশল নিয়েছে। ট্রাম্প প্রশাসনের মত, হরমুজ প্রণালী নিয়ে ইরানের দাবি মানা সম্ভব নয়। ওই প্রণালীর উপর ইরানের একচেটিয়া অধিকার থাকতে পারে না। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েনের মাঝে গত জুলাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়। যার নেপথ্যে ছিল ইরান। এক ভারতীয় নাবিকও সেই হামলায় নিহত হন।