স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের মেগা মঞ্চে ইতিহাস সৃষ্টি করল ভারত। এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম বার মিক্সড মার্শাল আর্টসে (এমএমএ) পদক জিতল দেশ। আনন্দের এই মুহূর্ত নিয়ে এলেন ৩৬ বছর বয়সি ভারতীয় লড়াকু অ্যাথলিট সুচিকা তারিয়াল। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত ২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাডিশনাল -৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক নিজের নামে করেছেন তিনি।এ বারই প্রথম এশিয়ান গেমসের মূল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ইভেন্টটিকে। অভিষেক সংস্করণেই দেশকে ঐতিহাসিক প্রথম পদক এনে দিয়ে ভারতীয় কমব্যাট স্পোর্টসের আকাশে নতুন তারা হিসেবে আত্মপ্রকাশ করলেন সুচিকা।কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিযোগীকে ২-০ ব্যবধানে হারিয়েই ভারতের জন্য অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছিলেন সুচিকা। সেমিফাইনালের লড়াইয়ে সিঙ্গাপুরের হিউ হুনের কাছে হেরে স্বপ্ন ভাঙলেও দেশের ঝুলিতে ঐতিহাসিক ব্রোঞ্জ পদকটি উঠেছে। জুডো, জিউ-জিতসু এবং কুরাশের মতো একাধিক কমব্যাট স্পোর্টসে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল হওয়ার পর এমএমএ-র রিঙে পা রেখেছিলেন হরিয়ানার এই ক্রীড়াবিদ।