ওঙ্কার ডেস্ক: ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য এবং পড়াশোনার স্বার্থে স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করার পথে হিমাচল প্রদেশ সরকার। নয়া নির্দেশিকার ফলে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে কোনও পড়ুয়া মোবাইল নিয়ে যেতে পারবে না। আগামী ১ মার্চ থেকে নয়া নিয়ম কার্যকর হতে পারে।
বিলাসপুর জেলার ঘুমারউইনে ৬৯তম জাতীয় স্কুল গেমস আয়োজিত হয়। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সেই হ্যান্ডবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেখানে বৃহস্পতিবার তিনি এ কথা জানিয়েছেন। নতুন নিয়ম অনুসারে, পড়ুয়ারা স্কুল চত্বরে মোবাইল নিয়ে আসতে পারবে না। যদি কোনও পড়ুয়ার কাছে ফোন পাওয়া যায়, তাহলে ৫০০ টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে মোবাইল বাজেয়াপ্ত করা হবে। তা ছাড়াও, অভিভাবকদের স্কুলে কাউন্সেলিং সেশনে যোগ দিতে হবে। শিক্ষা দফতরকে ইতিমধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা দেখা গিয়েছে যে, দুপুরের খাবারের বিরতির সময় এবং স্কুলের সময়ে মোবাইল ফোন ব্যবহার করলে পড়ুয়াদের পড়াশোনা এবং মানসিক বিকাশ ব্যাহত হয়।’ শিক্ষায় সংস্কারের পাশাপাশি তিনি ক্রীড়া পর্যটনের প্রচারে রাজ্যের চেষ্টার কথা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, সম্প্রতি এশিয়ান গেমসে অংশগ্রহণকারী মহিলা ক্রীড়াবিদদের কর্মসংস্থানের সুযোগ দেবে রাজ্য সরকার। জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে হিমাচল দলের জয় উদযাপন করতে, তিনি ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেন।
