অর্পিতা মুখার্জী, কলকাতা: দীপাবলির রাত পেরোতেই দিল্লির বাতাস বিষাক্ত হয়ে উঠল। সোমবার সকাল ৮টা ১০ মিনিটে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির গড় বায়ু গুণমান সূচক (AQI) পৌঁছে যায় ৪৮৩-তে। যা ‘সিভিয়ার’ বা গুরুতর শ্রেণির মধ্যে পড়ে। অন্যদিকে বেসরকারি সংস্থা ‘আইকিউএয়ারে’র হিসাব আরও ভয়াবহ। তাদের তথ্যে শাহদারা এবং দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনিতে AQI ১০০০ ছাড়িয়ে গিয়েছে।
দিল্লি-এনসিআরে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (গ্র্যাপ) তৃতীয় পর্যায়ের মতো কঠোর বিধিনিষেধ চালু থাকা সত্ত্বেও দূষণ কমেনি। বরং রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
কোথায় কত AQI?
শহরের অন্তত ১৫টি মনিটরিং স্টেশনে AQI ৪০০ ছাড়িয়ে গিয়েছে। ঘন, ঝাঁঝালো ধোঁয়াশায় ঢেকে গিয়েছে শহর, রাস্তা।
সিপিসিবির সমীর অ্যাপ এবং স্টেশন-ভিত্তিক তথ্য অনুযায়ী —
বিবেক বিহার: ৪৪৫
বুরারি ক্রসিং: ৪৪১
জাহাঙ্গিরপুরি: ৪৩৩ থেকে ৪৪২
রোহিণী: ৪৩০ থেকে ৪৩৮
দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ডিটিইউ): ৪৩০ থেকে ৪৩৪
নর্থ ক্যাম্পাস: ৪৩৩
বাওয়ানা: ৪২৭
গাজিপুর: ৪১৮
মুন্ডকা: ৪১৭
পঞ্জাবি বাগ: ৪০৮ থেকে ৪০৯
নরেলা এনআইএইচ: ৪০৭
আইটিও: ৪০৭
রাত ৯টা পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা ছিল আর কে পুরম এবং লাজপত নগরের কাছে নেহরু নগরে। সংবাদ সংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, দূষণ যখন চরমে, তখন কয়েক ঘণ্টা দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির (ডিপিসিসি) ওয়েবসাইটে বেশ কয়েকটি স্টেশনের লাইভ তথ্য দেখা যাচ্ছিল না।
আইটিও মোড়ে ঘন ধোঁয়াশার মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অনেকেই মাথা ধরা এবং চোখ জ্বালার অভিযোগ করেছেন। কয়েক কিলোমিটার দূরে অক্ষরধাম মন্দির পুরোপুরি ঢেকে গিয়েছিল ধূসর চাদরে। পাশের ফ্লাইওভার থেকে মন্দির দেখা যাচ্ছিল না।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “দূষণের কারণে দৃশ্যমানতা কমে গিয়েছে। অক্ষরধাম মন্দির ঘন ধোঁয়াশার আড়ালে ঢাকা। আগে এখান থেকে মন্দির স্পষ্ট দেখা যেত।”
দিল্লি-নয়ডা সীমান্ত এবং উত্তর দিল্লির ইন্দরলোকে সকালবেলায় ধোঁয়াশার মধ্যে দিয়ে যেতে গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে।এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের পূর্বাভাস, প্রতিকূল আবহাওয়ার কারণে সারাদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
কিছু এলাকা ৪০০-র ঠিক নিচে, ‘ভেরি পুওর’ শ্রেণিতে রয়েছে। মথুরা রোডে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটে (সিআরআরআই) AQI ৩৯৬। ডাঃ করণী সিং শুটিং রেঞ্জে ৩৬১। নাজফগড়ে ৩৪০।
দিওয়ালির তিন দিন আগে, শুক্রবারই গ্র্যাপের তৃতীয় পর্যায় চালু করেছিল কর্তৃপক্ষ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির (আইআইটিএম) পূর্বাভাসের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশন (সিএকিউএম), সিপিসিবি এবং দিল্লি ও সংলগ্ন হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের রাজ্য সরকারগুলির সমন্বয়ে এই চার পর্যায়ের জরুরি কাঠামো পরিচালিত হয়। পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে বিধিনিষেধ আরও কঠোর হয়।
উল্লেখ্য, সিপিসিবির মাপকাঠি অনুযায়ী, AQI ০-৫০ ‘ভাল’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১-৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ ‘গুরুতর’। গ্র্যাপ-৩ চালু হয় AQI ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে পৌঁছলে। এর আওতায় অত্যাবশ্যক নয় এমন নির্মাণকাজ বন্ধ, যানবাহনের উপর কঠোর বিধিনিষেধ এবং প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য হাইব্রিড ক্লাস চালু হয়।
দূষণ শুধু দিল্লিতেই নয়। উত্তরপ্রদেশের লখনউয়ের বিভিন্ন অংশেও সকালে ঘন ধোঁয়াশার চাদর দেখা গিয়েছে। মুম্বইয়ের কালানগর এবং বান্দ্রা এলাকাতেও ধোঁয়াশা ছিল। মুম্বইয়ে খেরওয়াড়ি-বান্দ্রা ইস্টে AQI ২৬৪, সেওরিতে ২২৬ এবং ঘাটকোপরে ২২১ রেকর্ড করা হয়েছে।