রোদে বেশি সময় থাকার পর অনেকের মুখে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া, ত্বক কালচে হয়ে যাওয়া কিংবা ছোট ছোট কালো দাগ দেখা দিতে পারে। অতিরিক্ত সূর্যের অতিবেগুনি রশ্মি বা UV রশ্মি ত্বকের ক্ষতি করে। এর ফলে ত্বকে মেলানিনের উৎপাদন বেড়ে গিয়ে মুখে কালচে দাগ বা হাইপারপিগমেন্টেশন তৈরি হতে পারে। ব্রণ বা ত্বকের প্রদাহের পরেও অনেকের মুখে কালো দাগ থেকে যায়।
কীভাবে এই সমস্যা কমাবেন?
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখা। বাইরে বের হওয়ার আগে SPF 30 বা তার বেশি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিম ব্যবহার করুন। দীর্ঘ সময় বাইরে থাকলে সাধারণত প্রতি দুই ঘণ্টা পরপর এবং ঘাম বা মুখ ধোয়ার পর সানস্ক্রিমপুনরায় লাগানো দরকার। ছাতা, টুপি ও সানগ্লাস ব্যবহার করলেও সূর্যের সরাসরি এক্সপোজার কমানো যায়।
সানবার্ন হলে ত্বকে ঘষাঘষি, স্ক্রাব বা শক্তিশালী ফেসিয়াল ব্যবহার না করাই ভালো। ঠান্ডা জলের কমপ্রেস এবং একটি ময়েশ্চারাইজার ত্বকের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। পর্যাপ্ত জল খান এবং ত্বককে সময় দিন স্বাভাবিক অবস্থায় ফিরতে।
কালো দাগের ক্ষেত্রে নিয়মিত স্কিনকেয়ার গুরুত্বপূর্ণ। ত্বকের ধরন অনুযায়ী ভিটামিন C, নিয়াসিনামাইড বা আজেলেইক অ্যাসিড-যুক্ত কিছু স্কিনকেয়ার উপাদান পিগমেন্টেশন কমাতে সহায়ক হতে পারে। তবে নতুন কোনো প্রোডাক্ট সরাসরি পুরো মুখে ব্যবহার না করে আগে ছোট একটি অংশে প্যাচ টেস্ট করা ভালো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দ্রুত ফল পাওয়ার আশায় লেবু, বেকিং সোডা বা অজানা ফর্সাকারী ক্রিম ব্যবহার না করা। এগুলো ত্বকে জ্বালা বা আরও পিগমেন্টেশন তৈরি করতে পারে।
যদি দাগ দীর্ঘদিন থাকে, দ্রুত বাড়তে থাকে, বারবার সানবার্ন হয় বা ত্বকে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। প্রয়োজনে চিকিৎসক ত্বকের অবস্থা দেখে উপযুক্ত ক্রিম বা অন্যান্য চিকিৎসা নির্ধারণ করতে পারেন।
মনে রাখবেন, ত্বকের যত্নে দ্রুত ফলের চেয়ে নিয়মিত সানস্ক্রিম, সঠিক স্কিনকেয়ার এবং ধৈর্য বেশি গুরুত্বপূর্ণ।