ওঙ্কার ডেস্ক: বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আসনে বসতে চলেছেন তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ার। প্রথম মহিলা হিসেবে সুনেত্রা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। সূত্রের খবর, অজিত পাওয়ারের জায়গায় নতুন মুখ বাছাইয়ের জন্য শনিবার দুপুর ২টোয় পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির তরফে। নেতা নির্বাচনের পর একটি ছোট শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ারও কথা রয়েছে।
প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা বর্তমানে রাজ্যসভার সাংসদ। বারামতিতে বিমান দুর্ঘটনায় স্বামীর আকস্মিক মৃত্যুর পর তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এনসিপি-র বর্ষীয়ান নেতা এবং রাজ্যের মন্ত্রী ছগন ভুজবল সংবাদ মাধ্যমকে বলেন, ‘অন্য কোনও নামের প্রশ্নই ওঠে না। আমরা সবাই একমত, সুনেত্রা পাওয়ারকে তাঁর শোক একপাশে রেখে পরিষদীয় দলনেত্রীর পদ গ্রহণ করতে হবে। এরপর আমরা মুখ্যমন্ত্রীকে জানাব। উপমুখ্যমন্ত্রীর পদের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানও হবে।’
এনসিপি-র রাজ্য সভাপতি সুনীল তাতকারে বলেন, ‘আমরা দুপুর ২টায় আমাদের পরিষদীয় দলের নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছি। আমরা আশা করি সুনেত্রা পাওয়ার উপস্থিত থাকবেন।’ অন্য দিকে এনসিপির সিদ্ধান্তকে সমর্থন করবেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানান, বিজেপি নেতৃত্বাধীন সরকার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সিদ্ধান্তকে সমর্থন করবে। ফড়নবিশের কথায়, ‘তাঁরা আমার সঙ্গে দুবার বৈঠক করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের দলই নেবে। যে সিদ্ধান্তই তাঁরা নিন না কেন, আমরা সমর্থন করব।’
