ওঙ্কার ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাই কোর্টের দেওয়া জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেছে। আগামী সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা।
বুধবার সকালেই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য। পরে রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দ্রুত শুনানির আবেদন জানান। তাঁর বক্তব্য, মিলন খুনের মামলায় অভিযুক্ত। শুধুমাত্র নির্বাচনে অংশ নেওয়ার কারণেই তাঁকে হাই কোর্ট জামিন দিয়েছে। মিলনের ক্ষেত্রে সাধারণ অভিযুক্তের মতোই আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলেও সওয়াল করেন তুষার। নির্বাচনে লড়ার জন্য কেন বিশেষ সুবিধা দেওয়া হবে, সেই প্রশ্নও তোলেন সলিসিটর জেনারেল। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আগের নির্দেশের কথাও তিনি উল্লেখ করেন।
তবে বৃহস্পতিবারই দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, তাৎক্ষণিক শুনানি সম্ভব নয়। ইতিমধ্যেই তালিকায় বহু মামলা রয়েছে। আগামী সোমবার মামলাটি শুনবে আদালত। এদিকে রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে, এমন আশঙ্কা আগেই করেছিল কংগ্রেস। সেই কারণে বুধবারই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দায়ের করেন মিলন প্রধান। চারটি মামলায় তিনি ক্যাভিয়েট জমা দিয়েছেন। এর ফলে রাজ্যের বক্তব্য একতরফাভাবে শুনে আদালত কোনও নির্দেশ দিতে পারবে না। জামিন চ্যালেঞ্জের মামলায় কংগ্রেস প্রার্থীর বক্তব্যও শুনতে হবে আদালতকে।