ওঙ্কার ডেস্ক: মেয়ের বিয়ের জন্য প্রস্তুতি চলছিল আগে থেকে, সেই সময় নিজেকে গুলি করেছিলেন সুরাতের ব্যবসায়ী। তার কয়েক দিন পর অর্থাৎ বৃহস্পতিবার বিয়ের দিনেই তাঁর মৃত্যু হল। মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।
রিপোর্ট অনুসারে, নিহত ব্যক্তির নাম, তুষার ঘেলানি। ৫৮ বছর বয়স তাঁর। মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে প্রস্তুতি চলছিল। সেই আবহে তিনি নিজেকে গুলি করেন বলে অভিযোগ। বেশ কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে তাঁর জীবন থামল ৫ ফেব্রুয়ারি। মেয়ের বিয়ের দিনেই হৃদরোগে মারা যান তুষার। তদন্তে জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি তুষার তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন। গুলির শব্দ শুনে পরিবারের লোকজন তড়িঘড়ি ছুটে আসেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকলেও তাঁর স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। চিকিৎসকরা জানান, তাঁর ব্রেন ডেথ হয়েছে। এর পর পরিবার তুষারের অঙ্গ দানের সিদ্ধান্ত নেয়। ৫ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হার্ট অ্যাটাকের কারণে অঙ্গদান প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। তবে ওই ব্যবসায়ীর চোখ সফল ভাবে দান করা গিয়েছে বলে খবর।
ডোনেট লাইফ সংস্থার নীলেশ মান্ডলেওয়ালা বলেন, ‘ব্রেন ডেথ ঘোষণা করার পর, তুষারের লিভার, হাত এবং চোখ দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাইডাস হাসপাতালের একটি দলও এসেছিল। তবে, তাঁর হার্ট অ্যাটাকের কারণে, লিভার দান করা সম্ভব হয়নি। কেবল চোখ দান করা গিয়েছে।’ তবে ঠিক কী কারণে ওই ব্যবসায়ী নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
