ওঙ্কার ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল সাত জনের। মঙ্গলবার গুজরাটের ভাবনগর জেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসইউভি গাড়ির ধাক্কার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে সাত জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার নীতেশ পান্ডে জানান, নিহতরা ভাবনগর থেকে আলাং-এর দিকে যাচ্ছিলেন। সেখানে তাঁরা একটি শিপইয়ার্ডে কাজ করতেন। পুলিশের ঐ কর্তা জানান, সকাল ১০টা নাগাদ তালাজা তালুকার ত্রাপাজ গ্রামের কাছে ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কের পাশে থাকা সার্ভিস রোডে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির এসইউভিটি দাঁড়িয়ে থাকা ট্রেলারটিতে সজোরে ধাক্কা মারে। যার ফলে দুমড়ে মুচড়ে যায় সেটি। পান্ডের কথায়, ‘আলাং থানা এলাকার ত্রাপাজ গ্রামের কাছে রাস্তার সার্ভিস রোডে ট্রেলারটি দাঁড় করানো ছিল। পেছন থেকে আসা একটি বোলেরো গাড়ি ট্রেলারটির পেছনের অংশে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ছয় জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, ট্রেলারটি সামনের দিকে সরে যায়। ধাক্কার অভিঘাতে রাস্তায় মৃতদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। দুর্ঘটনায় এসইউভিটি সম্পূর্ণ ভাবে দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতর থেকে হতাহতদের বের করে আনার জন্য লোহার রড ব্যবহার করে এসইউভি-র দরজা খুলতে হয়েছিল। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ভাবনগরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।