অর্পিতা মুখার্জী, কলকাতা: ডিসেম্বরের শেষে ব্রিগেডে এক মহা আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেল। ২৯ ডিসেম্বর সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ মানুষের কণ্ঠে একসঙ্গে গীতা পাঠ হবে। সোমবার নেতাজি ইন্ডোরে হনুমান চল্লিশা পাঠের আসর থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, গত বছর ডিসেম্বরে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল। এবার সেই আয়োজন আরও বড় পরিসরে হবে। এবার উদ্যোগ নিচ্ছেন তিনি নিজে। তাঁর ব্যবস্থাপনাতেই হবে এই কর্মসূচি।
কে কে থাকবেন? মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, ওই দিন সকালে ব্রিগেডে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত এবং যোগগুরু রামদেব। থাকবেন দেশের আরও আধ্যাত্মিক গুরুরা। মঞ্চ থেকে রামভদ্রাচার্যজি মহারাজকেও ওই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান শুভেন্দু।
সময়টা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ২৫ ডিসেম্বর বড়দিন। ওই সময় রাজ্যে শীতের ছুটি চলে। পার্ক স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন গির্জায় সপ্তাহভর চলে উৎসব। ঠিক তার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ব্রিগেডে এত বড় গীতাপাঠ, এই বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। এদিনের সভা থেকে পুরনো সরকারগুলিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ৩৪ বছর বামফ্রন্টের আমলে ধর্ম পালনে স্বাধীনতা ছিল না। ‘জয় শ্রী রাম’, ‘জয় বজরংবলী’, ‘হরে কৃষ্ণ’ বললেই বাধা দেওয়া হত।
এর পরের ১৫ বছরের শাসন নিয়েও তোপ দাগেন তিনি। দাবি করেন, ওই সময়েও সনাতন ধর্মকে বারবার আঘাত করা হয়েছে। উদাহরণ তুলে বলেন, ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন পার্ক সার্কাসে মিছিল করে বিরোধিতা করা হয়েছিল। মহাকুম্ভকে বিধানসভায় ‘মৃত্যুকুম্ভ’ বলে কটাক্ষ করা হয়েছিল।
একই সঙ্গে রামভদ্রাচার্যজি মহারাজের কাছে একটি বড় আর্জিও রাখেন শুভেন্দু। বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর মহারাজের সঙ্গে তাঁর একাধিকবার দেখা হয়েছে। তিনি চান, বাংলায় রামানন্দ মিশনের একটি আশ্রম হোক। তৈরি হোক একটি বড় গোশালাও। দেশের অন্য জায়গার মতো এ রাজ্যেও মিশনের সেবামূলক কাজ ছড়িয়ে পড়ুক, সেই আহ্বানই জানান তিনি।