ওঙ্কার ডেস্ক: ভোটমুখী বিহারে বড় প্রতিশ্রুতি আরজেডি নেতা তেজস্বী যাদবের। রাষ্ট্রীয় জনতা দলের নেতা রবিবার বলেন, ইন্ডিয়া জোট সে রাজ্যে ক্ষমতায় এলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের জন্য একাধিক কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হবে। লালুপুত্রের প্রতিশ্রুতি, ইন্ডিয়া জোট যদি রাজ্যে আগামী দিনে সরকার গঠন করে, তাহলে তাঁদের ভাতা দ্বিগুণ করা হবে। শুধু তাই নয়, পেনশন সুবিধা চালু করা হবে এবং পর্যাপ্ত বীমা কভারেজ দেওয়া হবে।
রবিবার সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব বলেন, পঞ্চায়েত এবং গ্রাম কাছারির নির্বাচিত প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে আর্থিক সুরক্ষা এবং সামাজিক সুবিধা দাবি করে আসছেন। তাঁর দল সেই দাবি পূরণ করতে চায় বলে জানান তেজস্বী। তিনি বলেন, ‘পঞ্চায়েত এবং গ্রাম কাছারির প্রতিনিধিরা পেনশন সুবিধা দাবি করে আসছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাঁরা পেনশন পাবেন। তাঁদেরকে ৫০ লক্ষ টাকার বীমা কভারেজও দেওয়া হবে।’ তিনি আরও বলেন, বর্তমানে সমস্ত পঞ্চায়েতি রাজ প্রতিনিধিরা যা ভাতা পাচ্ছেন, ইন্ডিয়া জোট তা দ্বিগুণ করবে।
উল্লেখ্য, নীতিশ কুমার সরকার গত জুন মাসে রাজ্য জুড়ে পঞ্চায়েতি রাজের কর্মী এবং ওয়ার্ড সদস্যদের ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। জেলা পরিষদের সভাপতিদের মাসিক ভাতা ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা, সহ-সভাপতিদের ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং ‘মুখিয়াদের’ ৫,০০০ টাকা থেকে ৭,৫০০ টাকা করা হয়েছে। বর্তমানে বিহারে ৮,০৫৩টি গ্রাম পঞ্চায়েত, ৫৩৩টি পঞ্চায়েত সমিতি এবং ৩৮টি জেলা পরিষদ রয়েছে।
