ওঙ্কার ডেস্ক: প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে সঙ্গে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে দেশে। আর এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে অনেকেই অভিযোগ করেন, টাকা ব্যয় করেও টেলিকম সংস্থাগুলির কাছ থেকে উপযুক্ত পরিষেবা না পাওয়ার। এই বিষয়ে এবার গ্রাহকদের সচেতন করতে বিশেষ সচেতনতা কর্মসূচি পালন করল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এই কর্মসূচি পালন করা হয়।
বারুইপুরে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি বা জিএমআইটি-তে ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সচেতনতা কর্মসূচির আয়োজন করে ট্রাই। এই শিবিরে টেলিকম পরিষেবার গুণগত মান এবং গ্রাহক সুরক্ষার বিষয়গুলির উপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানে যেমন ছিলেন সাধারণ মানুষ, তেমনই সকল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। এ ছাড়া বিশিষ্ট অতিথিরাও অংশগ্রহণ করেন এদিনের অনুষ্ঠানে। জিএমআইটি-এর রেজিস্ট্রার নিবেদিতা মুখোপাধ্যায় বনিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাইবার সেন্টার অফ এক্সেলেন্স-এর সাইবার বিশেষজ্ঞ শুভেন্দু চক্রবর্তী।
ট্রাই-এর কলকাতার আঞ্চলিক দফতরের যুগ্ম উপদেষ্টা অসীম দত্ত ভাষণ দেন। তাঁর বক্তব্যে উঠে আসে ভারতে টেলিকম পরিষেবা পরিচালনায় প্রযোজ্য আইনগত কাঠামো। ক্রেতাদের স্বার্থ রক্ষায় ট্রাই-এর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। ভ্যালু অ্যাডেড সার্ভিস, অননুমোদিত বাণিজ্যিক যোগাযোগ, মোবাইল নম্বর পোর্টেবিলিটি, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, ট্যারিফ ও ডেটা পরিষেবা সংক্রান্ত ক্রেতাকেন্দ্রিক বিধি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবগত করা হয়। সাইবার প্রতারণা প্রতিরোধ নিয়ে এবং টেলিকম দফতরের সঞ্চার সাথী পোর্টাল নিয়েও বক্তারা কথা বলেন।
