গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: খাবারের গুণগত মান ও খাদ্য সুরক্ষা বিধি খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর এলাকায় বিশেষ অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের। রবীন্দ্রনগর থানার পুলিশের উপস্থিতিতে এলাকার একাধিক মিষ্টির দোকান, হোটেল ও রেস্তোরাঁয় চলে এই অভিযান। সংগ্রহ করা হয় বেশ কিছু দোকানের খাদ্য নমুনাও।
পুজোর আগে রাজ্যের খাদ্য সুরক্ষা বিধি খতিয়ে দেখতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। জেলায় জেলায় চলছে খাদ্য দফতরের সারপ্রাইজ ভিজিট। ইতিমধ্যেই এই বিশেষ অভিযানের বহু ছবি-ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমত চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। বহু পরিচিত হোটেল-রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে গামলা গামলা পচা মাংস। কোথাও আবার ভেজাল মিশেছে রান্নার মশলায়। শহর কলকাতার বহু মিষ্টির দোকানেও এক হাল। মিষ্টির পাত্রে জায়গায় জায়গায় বাসা বেঁধেছে ছত্রাক। ফলে এই অভিযান যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
এবার এই বিশেষ অভিযানের ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর এলাকাতেও। সূত্রের খবর, অভিযান চলাকালীন বিভিন্ন দোকান থেকে মিষ্টির নমুনা সংগ্রহের পাশাপাশি রবীন্দ্রনগরের পরিচিত বহু রেস্তোরাঁ থেকেও খাবারের নমুনা সংগ্রহ করা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা জানান, সংগৃহীত সমস্ত নমুনা পরীক্ষার জন্য সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষায় কোনও ধরনের ভেজাল, নিম্নমান বা খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিন ব্যবসায়ীদের খাবার সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাদ্য সুরক্ষা ও মানদণ্ড মেনে চলার বিষয়েও সতর্ক করা হয়। দপ্তরের দাবি, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।