গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ও পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর এলাকায় ধর্মান্তরের অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। অভিযোগ, স্থানীয় বাসিন্দা শ্রীকৃষ্ণ মাইতির বাড়িতে দিনের পর দিন বহিরাগত খ্রিস্ট ধর্মের মানুষ এনে যিশু খ্রিস্টের উপাসনার বিষয়ে বোঝানো হচ্ছে। এমতাবস্থায় বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা ও গোলমাল।
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই এলাকায় বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে। মগজ ধোলাই করে ধর্ম বদলানো হচ্ছে বলেও মনে করছেন স্থানীয়রা। এমতাবস্থায় কৌতূহলবশত এলাকার কয়েকজন মহিলা হানা দেয় শ্রীকৃষ্ণ মাইতির বাড়িতে। কিন্তু সেখানে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। সেখানে উপস্থিত বহিরাগতদের পরিচয় জানতে গেলে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। পরে দু’পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শ্রীকৃষ্ণ মাইতি। তাঁর বক্তব্য, সেখানে কোনও ধরনের ধর্মান্তরের কাজ হয় না। কেবল খ্রিস্ট ধর্মের বিভিন্ন দিকগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়েও মানুষ সেখানে আসে বলে জানিয়েছেন তিনি। যদিও সেই অভিযোগ মানতে নারাজ স্থানীয়রা। পরে উত্তেজনার খবর পেয়ে মগরাহাট ও ঢোলাহাট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই বাড়িতে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয় বলেও খবর সূত্রের। ইতিমধ্যেই ৯ জনকে উদ্ধার করে একথা মথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।