নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পুজোয় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কী বাধ সাধবে আনন্দে? বিগত কয়েকদিন ধরে এই চিন্তাই ঘুরপাক খাচ্ছিল উৎসব প্রেমী বাঙালির মনে। তবে দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে বাঙালির যে আশঙ্কা ছিল, তাতে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, প্রথম সপ্তমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।
আজ, শনিবার প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, হলেও তা সামান্য ও বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে রবিবার দ্বিতীয় সপ্তমী থেকেই পরিস্থিতি বদলে যাবে। একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। রবিবার থেকে কলকাতার তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গেও একই ছবি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের বাকি অংশ শুষ্ক থাকবে। অষ্টমী থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে এবং পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গে একাদশী পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।