নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সম্প্রতি ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানকে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বীরভূমের সাঁইথিয়ায় এক তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যে দুই মহিলা-সহ তিন জনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতার নাম পীযূষ ঘোষ। তিনি সাঁইথিয়ার শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি। কোমরপুর গ্রামের বাসিন্দা পীযূষ সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরেন পীযূষ। বাড়িতে আসার পর তাঁকে ফোন করেন কেউ। এর পর রাত এগারোটা নাগাদ ওই তৃণমূল নেতা বাড়ি থেকে বের হয়ে যান কোমরপুর গ্রামের মোড়ে। অভিযোগ সেখানে ডেকে নিয়ে গিয়ে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। ভোরেই পীযূষের দেহ উদ্ধার করেন স্থানীয়রা। দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দুই মহিলা এবং এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
পরিবারের অভিযোগ, এর আগেও ভোটের সময় ওই তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। বাড়িতে চিরকুট পাঠিয়ে পীযূষ এবং তাঁর ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রাজনৈতিক কারণে এই খুন। তাঁকে সভাপতির পদ থেকে সরাতেই খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।
