ওঙ্কার ডেস্ক: নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। নতুন নাম এবং নয়া প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়তে হচ্ছে কালীঘাট তৃণমূলকে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাময়িক স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। আদালত সোমবার জানিয়েছে, ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ দলীয় তহবিল ব্যবহার করতে পারবে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, প্রতীক বদল হলেও অ্যাকাউন্ট ব্যবহারে কোনও বাধা নেই।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সোমবার তহবিল সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই সময় বিচারপতি ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে নির্বাচন পরিচালক সংস্থা। মূলত উপনির্বাচনকে মাথায় রেখে এটি করা হয়েছে। তাই আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত তহবিল থেকে টাকা খরচের অধিকার থাকবে মমতা তৃণমূলের। যদিও রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন। তাঁর যুক্তি, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর নামে এই মামলা করা হয়েছে। কিন্তু কোনও রাজনৈতিক দল বাস্তবে আপাতত এই নামে নেই। দলের প্রতীক, নাম সব ফ্রিজ করেছে কমিশন।
বিচারপতি পর্যবেক্ষণে জানান, নির্বাচন কমিশন অন্তবর্তী নির্দেশ দিয়েছে। ফলত আগের অবস্থানেই আদালত থাকবে। উল্লেখ্য, গত ৯ জুলাই আদালত জানিয়েছিল, ব্যাংক অ্যাকাউন্টগুলি কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারবে। তিন ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার জন্য বিশেষ অফিসারও নিয়োগ করেছিল আদালত। তবে কত টাকা খরচ করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, সেই সীমারেখাও বেঁধে দেওয়া হয়েছিল। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।