ওঙ্কার ডেস্ক: দীর্ঘ দু দশক ধরে মাওবাদী সংগঠনে সক্রিয় থাকার পর অবশেষে মূল স্রোতে ফিরে এলেন শীর্ষ মাওবাদী নেতা বারসে দেবা ওরফে বারসে সুক্কা ওরফে দর্শন। শনিবার হায়দরাবাদে ৪৮ বছর বয়সী সিপিআই (মাওবাদী)-এর সিনিয়র কমান্ডার আত্মসমর্পণ করেন। বর্ষীয়ান নেতার আত্মসমর্পণের পর মধ্য ভারতে মাওবাদী সংগঠন অনেকটা ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
রিপোর্ট অনুসারে, আদিবাসী কমান্ডার দর্শন ২০০৩ সালে অতিবাম আন্দোলনে যোগ দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১২১ জনেরও বেশি নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিক হত্যার। বস্তার অঞ্চলে মাওবাদীদের সক্রিয় শীর্ষ কমান্ডারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তেলেঙ্গানার ডিজিপি শিবধর রেড্ডির কাছে শনিবার ৪৮টি লাইট মেশিনগান এবং ২০ লক্ষ টাকা নগদ নিয়ে আত্মসমর্পণ করেন।
ছত্তিশগড়ের সুকমা জেলার পুভার্থী গ্রামের বাসিন্দা দর্শন। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। অ্যাকাডেমিক পরিসরে পড়াশোনা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে না পারলেও তিনি নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের একজন যোদ্ধা হয়ে উঠেছিলেন। তিনি পিএলজিএ ব্যাটালিয়ন নং ১-এর কমান্ডার পদে কাজ করেছেন। ২০০০ সালে দণ্ডকারণ্যের আদিবাসী কিষাণ মজদুর সঙ্ঘের সদস্য হিসেবে গোপন কর্মকাণ্ড শুরু করেন। পরে নিষিদ্ধ সংগঠনটির রাজ্য কমিটির সদস্য হন। লাল বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বস্তার, দান্তেওয়াড়া এবং সুকমা এলাকা জুড়ে তাঁর ব্যাপক প্রভাব ছিল।
