ওঙ্কার ডেস্কঃ প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। বুধবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনায় বিমানে থাকা দুই পাইলট আহত হয়েছেন। তবে হতাহতের কোনও খবর নেই।
সূত্রের খবর, বুধবার সাড়ে ১২টা নাগাদ প্রয়াগরাজের রামবাগ এলাকায় কেপি কলেজের কাছে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে। বিমানে দু’জন পাইলট ছিলেন। দুর্ঘটনার আঁচ বুঝে শেষ মুহূর্তে প্যারাশুট নিয়ে লাফ দেন। জানা গিয়েছে, বিমানটি একটি পুকুরে আছড়ে পড়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী দল। সূত্রের খবর, ওই বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ আগরওয়াল এবং গ্রুপ ক্যাপ্টেন সুনীলকুমার পাণ্ডে। এই ঘটনায় দু’জনেই বেশ আহত হয়েছেন। দুই পাইলটই হাসপাতালে চিকিৎসাধীন।
কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা স্পষ্ট না হলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাঝ-আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।
