দীর্ঘদিন ধরে স্কলারশিপের টাকা না পেয়ে অবশেষে পথে নামলেন আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার কলেজ পড়ুয়া। সোমবার সকাল ৯টা থেকে জামশেদপুর-বোকারো ১৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা। হাতে নিজেদের দাবি সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝে বসে পড়েন তাঁরা, যার জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় ওই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে যান চলাচল।
আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, মাসের পর মাস পেরিয়ে গেলেও তাঁদের প্রাপ্য স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। বারবার কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি। বাধ্য হয়েই তাঁরা এই পথ অবলম্বন করেছেন। তাঁদের সাফ দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফে লিখিত আশ্বাস এবং দ্রুত টাকা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে।
এই অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জাতীয় সড়কের দুই পাশে আটকে পড়েছে শয়ে শয়ে বাস, লরি এবং ছোট গাড়ি। কয়েক হাজার নিত্যযাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে রয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় যখন অবরোধের মধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সগুলিকে বিকল্প ব্যবস্থা করে বের করে দেওয়া হয়, কিন্তু সাধারণ যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। পুলিশের তরফে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে যাতে দ্রুত অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করা যায়।