ওঙ্কার ডেস্ক: বিদেশি পর্যটককে হেনস্থার অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি রাজস্থানের উদয়পুরের। রাতের শহরে লাইভ স্ট্রিমিং করার সময় এক থাই-ফরাসি ইউটিউবারের কাছে বারবার চুমু ভিক্ষা চায় ওই যুবক। এমনকী, তরুণী তা প্রত্যাখ্যান করার পরেও থামেনি সে। গোটা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করে উদয়পুর পুলিশ। ধৃতের নাম আফতাব ওরফে গাবরু। তার বয়স ২৩ বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ২৯৬ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই ধারায় জনসমক্ষে অশালীন আচরণ ও অশ্লীল কার্যকলাপের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলা রয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্তকে চিহ্নিত করতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি স্থানীয় প্রত্যক্ষদর্শীদেরও সাহায্য নেওয়া হয়। এরপরই আফতাবকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
উদয়পুর পুলিশের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, বিদেশি এক মহিলাকে হেনস্থার অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সূরজপোল থানায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আইন মেনে পরবর্তী পদক্ষেপ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে অভিযুক্তকে নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা গিয়েছে। সেখানে মহিলাদের সম্মান করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদনও জানিয়েছে সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদয়পুরের একটি জনবহুল এলাকায় রাতে শহর ঘুরে দেখার অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন থাই-ফরাসি ইউটিউবার জাস্টকেথ। সেই সময় লাইভ স্ট্রিমিং চলাকালীন কালো জামা ও টুপি পরা এক যুবক তাঁর কাছে এগিয়ে আসে। এরপরই ওই যুবক বারবার চুম্বনের আবদার জানাতে শুরু করে। বিশেষ করে ঠোঁটে চুম্বন করার কথা বলে সে। যুবককে বলতে শোনা যায়, ‘একটা কিস প্লিজ, একটা লিপ কিস।’ এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন ইউটিউবার। সঙ্গে সঙ্গে নিজের আপত্তির কথা জানান তিনি। স্পষ্ট করে দেন, ওই যুবকের প্রতি তাঁর কোনও আগ্রহ নেই। কিন্তু বারবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও যুবকটি নিজের আবদার চালিয়ে যায়। পুরো ঘটনাটি লাইভ স্ট্রিমিংয়ে ধরা পড়ে। পরে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।