ওঙ্কার ডেস্ক: বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা মহানগর। সোমবার রাতভর অতি ভারী বর্ষণের ফলে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। রাস্তা ঘাট থেকে শুরু করে রেলপথ জলের তলায়। যার ফলে পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে। তবে কবে এই দিনের পরীক্ষাগুলি নেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, পরীক্ষার পরবর্তী নির্ধারিত দিন আগামী দিনে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহানগরে ইতিমধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। মঙ্গলবার নেতাজিনগর এলাকায় জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পেশায় ফল বিক্রেতা ৭০ বছর বয়সী বাবু কুণ্ডুর। গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ভাবে ইকবালপুরের হোসেন শাহ রোডে প্রাণ হারান জিতেন্দ্র সিং নামের আরেক ব্যক্তি। বেনিয়াপুকুরের সিআইটি রোডেও এক যুবকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সাত জন প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত।
