ওঙ্কার ডেস্ক: ১৪ বছর আগে বাবাকে খুন করেছিল, সেই হত্যার প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে গুলি করে খুন করল ছেলে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মঙ্গলোরা গ্রামে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম জয়বীর। ৪৫ বছর বয়স তাঁর। শনিবার সন্ধ্যায় জয়বীর মাঠ থেকে বাড়ি ফিরছিলেন, অভিযোগ সেই সময় রাহুল (৩০) নামের ওই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়বীরের। অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার সিং সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে পলাতক রাহুল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই আধিকারিক আরও জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের পরিবারের দায়ের করা অভিযোগ অনুসারে, পুরনো শত্রুতার জেরে জয়বীরকে খুন করা হয়েছে। ২০১১ সালে রাহুলের বাবা ব্রিজপালকে জয়বীর খুন করে, যার জন্য তিনি ১১ বছর জেল খেটেছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর জয়বীর গত তিন বছর ধরে গ্রামেই বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
