নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুরের নিউটন এলাকা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারধর থেকে শুরু করে একে অপরের দিকে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। এমনকী এক যুবককে ড্রেনে ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ, সেখানেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এলাকায় ব্যানার ও পতাকা লাগাচ্ছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্য বান্টি সিং তাঁর দলবল নিয়ে এসে বিজেপির লাগানো পতাকা খুলে ফেলে দেন। এর প্রতিবাদ জানাতে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়।
বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজনই প্রথম হামলা চালায় এবং এক কর্মীকে ড্রেনে ফেলে মারধর করে। পাল্টা তৃণমূলের তরফেও বিজেপির বিরুদ্ধে উসকানির অভিযোগ তোলা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।