ওঙ্কার ডেস্কঃ ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত। দুই দেশের মধ্যে আলোচনা হলেও, একে অপরকে হুঁশিয়ারি পালটা হুঁশিয়ারি দিয়েই চলেছেন। এমতাবস্থায় মার্কিন জাহাজের উদ্দেশে সতর্কবার্তা দিল আমেরিকা। ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার সতর্কবার্তা। আমেরিকার জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন সোমবার একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময়ে আমেরিকার সব জাহাজ যেন ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে। বলাই বাহুল্য, এই অদ্ভুত পরিস্থিতিতে মার্কিন দেশের এই সতর্কবার্তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
মার্কিন জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে এ-ও বলা হয়েছে, তাঁরা যেন ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেন। কোনও কারণে যদি ইরানি বাহিনী আমেরিকার জাহাজে উঠে যায়, তবে তাদের জোর করে বাধা না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে বিশ্বের অন্য দেশগুলির বাণিজ্যিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এই হরমুজ প্রণালী। এই প্রণালীর এক দিকে রয়েছে ইরান, অন্য দিকে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। এই সরু প্রণালী দিয়ে আমেরিকা-সহ বহু দেশের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। তবে সূত্রের খবর, আমেরিকা ইরানের কূটনৈতিক উত্তেজনার মধ্যেই নাকি এই প্রণালীতে যুদ্ধমহড়া সেরেছে ইরানের নৌবাহিনী। সেকারণেই কী মার্কিন জাহাজগুলিকে সাবধান করে দিল আমেরিকা, সে বিষয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, গত রবিবারই তেহরানে ইরানের বিদেশমন্ত্রী দাবি করেন, ওমানে আয়োজিত পরোক্ষ সমঝোতা-বৈঠক চলছে বটে, কিন্তু তাকে আমেরিকা আদৌ খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে তিনি মনে করেন না। অন্যদিকে, ইরানের পরমাণু পরিকল্পনা এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে আমেরিকার সঙ্গে কোনও সমঝোতার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী।
