ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জনের। নিহতদের মধ্যে এক দুই বছরের শিশুও রয়েছে। উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় একটি গাড়ি রাস্তা থেকে উল্টে পুকুরে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের বলে জানা গিয়েছে।
আউরাইয়া এলাকার বাসিন্দা ওই পরিবারটি কল্যাণপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন একটি অনুষ্ঠান উপলক্ষে। সেখান থেকে ফেরার সময় জেলা সদর দপ্তর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শিবলির সাভাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন। পুকুরে গাড়িটি পড়ে যাওয়ার পর উদ্ধার কাজ শুরু করে পুলিশ। সাত জন বেঁচে রয়েছেন, তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চালকের আসনে কে ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি।
এক পুলিশ আধিকারিক বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। যাত্রীদের নিয়ে জলের গভীরে চলে যায় যানটি। দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। শিবলি থানার আধিকারিক অমরেন্দ্র কুমার সিংহের নেতৃত্বে একটি দল উদ্ধার অভিযান শুরু করে। জেসিবি মেশিন এবং স্থানীয় ডুবুরিদের সাহায্যে গাড়িটি উদ্ধার করা হয়। তার ভিতর থেকে একে একে বের করে আনা হয় আরোহীদের। নিহতদের নাম রাজকিশোর অগ্নিহোত্রী (৬০), তাঁর স্ত্রী স্নেহলতা অগ্নিহোত্রী (৫৫), তাঁদের মেয়ে হিমাংশী অগ্নিহোত্রী (৩০) এবং তাঁর দুই বছরের নাতি শিব অগ্নিহোত্রী। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কী ভাবে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
