ওঙ্কার ডেস্ক: আগামী রবিবার অর্থাৎ ৩১ আগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেতুর মেরামতির কাজ চালানোর জন্য প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রবিবার ছুটির দিন হলেও শহরের এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সেতু বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ।
সেতু বন্ধ থাকার বিষয়টি কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে ওই দিন সেতুর গুরুত্বপূর্ণ মেরামতির কাজ হবে। এটি করবে হুগলি রিভার ব্রিজ কমিশনারস অথরিটি। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলানো হবে। ফলে প্রায় ১৬ ঘণ্টা বন্ধ রাখা হবে যান চলাচল। কলকাতার কমিশনার অফ পুলিশ মনোজ কুমার বর্মার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার গাড়ি চলাচল বন্ধ থাকার বিষয়ে। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং এর সমস্ত র্যাম্প দিয়ে কোনও গাড়ি চলবে না বলে বলে জানানো হয়েছে।
কোন পথে চলবে গাড়ি? পশ্চিমমুখী গাড়ি যেগুলি এজেসি বোস রোড ধরে জেরুত আইল্যান্ড হয়ে সেতুর দিকে আসবে, সেগুলি ঘুরিয়ে দেওয়া হবে টার্ফভিউ হয়ে হেস্টিংস ক্রসিং-সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে। পাশাপাশি খিদিরপুরের দিক থেকে আসা পূর্বমুখী গাড়িও হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেবে পুলিশ। কেপি রোড হয়ে সেতুর দিকে যে গাড়িগুলি আসবে, সেগুলিকে ফিরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট থেকে। প্রয়োজনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলির দিকেও ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
