ওঙ্কার ডেস্ক: সকাল থেকে ঝকঝকে রোদ। জলমগ্ন চেহারাও বদলেছে শহর কলকাতায়। পুজোর আমেজ শহর থেকে গ্রামে। তবে এই রোদ আর বেশিক্ষণ স্থায়ী হবে না, কিছুক্ষণেই বাংলা জুড়ে বৃষ্টির তাণ্ডব শুরু হবে, কলকাতা সহ ১২ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের উপর বর্তমানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে আগামী সাতদিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র থাকবে অশান্ত।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই শুক্রবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়। অন্যদিকে বৃহস্পতিবার, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট। পুজোতেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে।২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
