ওঙ্কার ডেস্ক : সকালবেলার হাওয়ায় এখন গোটা রাজ্যজুড়েই নেমে এসেছে হালকা শীতের ইশারা। ভোরের বাতাসে হাত বাড়ালেই যেন ঠান্ডার প্রথম পরশ অনুভব করা যায়। দিনের বেলায় রোদ উঠলেও উষ্ণতার তেজ নেই, আবহাওয়াটা বেশ আরামদায়কই বটে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে— কার্তিকের মাঝেই কি শীতের আনুষ্ঠানিক আগমন?
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, এখনই শীতের আশা করে বসলে চলবে না। জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ফের কয়েক ডিগ্রি বাড়তে পারে। উত্তর থেকে দক্ষিণ— প্রায় সব জেলাতেই মিলবে একই ছবি। ভোরের আকাশে টানা কুয়াশার চাদর, দৃশ্যমানতা নেমে যেতে পারে প্রায় ২০০ মিটার পর্যন্ত। যদিও সব জেলায় এই কুয়াশা সমান ভাবে দেখা যাবে না। দক্ষিণবঙ্গে রবি থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কুয়াশা ঘন থাকবে। রাতের তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন নেই, তবে গাঙ্গেয় বঙ্গের কিছু অংশে পারদ স্বাভাবিকের তুলনায় ২–৩ ডিগ্রি কমে যেতে পারে। এর পরের তিন দিনে আবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা— ২–৩ ডিগ্রি পর্যন্ত।
উত্তরবঙ্গেও একই প্রবণতা। বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নামবে কুয়াশা, দৃশ্যমানতা কমে পৌঁছতে পারে ২০০ মিটারে। রাতের তাপমাত্রায় এখনই বড় পরিবর্তন নেই, তবে কোথাও কোথাও কমবে স্বাভাবিকের থেকে ২–৩ ডিগ্রি। সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।
