ওঙ্কার ডেস্ক: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও, দক্ষিণবঙ্গে এখনও পুরোপুরি ভাবে প্রবেশ করতে পারেনি বর্ষা। তাই এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস ।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কয়েকটি জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেলেও গরমের জ্বালা থেকে স্বস্তি পাবে না দক্ষিণবঙ্গবাসী।
বুধবারেও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।