ওঙ্কার ডেস্ক: আবহাওয়া দফতরের কোনও পূর্বাভাস না থাকলেও রাতে ও সকালে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে জেলায় জেলায়। কাঁপুনি ধরছে শরীরে। তবে কলকাতায় এখনও ঠান্ডা অনুভূত না হলেও জানা যাচ্ছে পশ্চিমের জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩–১৪ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন রাজ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রার কোনও বদল হবে না। যদিও তার পরে পারদ কিছুটা উঠবে। ২–৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে, আবার পারদ পড়বে। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২–৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই এবং তারপরে কিছু জায়গায় ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পাবে। আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরু থেকে উত্তর–পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়বে, তখন আরও তাপমাত্রা নামবে। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় শীতের আমেজ বেশি টের পাওয়া যাবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
