ওঙ্কার ডেস্ক : উপকূলবর্তী এলাকায় ঘনীয়ে আসছে কালো মেঘ। রবিবার রাত থেকে নিম্নচাপের ফলে ঝড়ের অভিমুখ অন্ধপ্রদেশের দিকে। ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কায় উপকূলের বাসিন্দারা। ইতিমধ্যেই তাঁদের সুরক্ষিত স্থানে পাঠানোর কাজ শুরু হয়েছে।
জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তলম, কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়া নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে ঝাঁপিয়ে পড়বে মান্থা। দুর্যোগের আভাস পাওয়া মাত্রই অন্ধ্রপ্রদেশের পাশাপাশি সমস্ত এলাকায় সতর্ক বার্তা দেওয়া হয়েছে। প্রায় নয়টিরও বেশি জায়গায় লাল সতর্কতা করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে- কাকিনাড়া, কোনা সীমা, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, গুন্টুর, বাপাতলা, প্রকাশম এবং এসপিএসআর নেলোর। এই জায়গাগুলির সমস্ত স্কুল, বাজার, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুর্বল ঘরবাড়ির লোকজনদের সুরক্ষিত স্থানে পাঠানো হয়েছে। এই দুর্যোগ পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
আবহাওয়া দফতরের বার্তা অনুসারে, অন্ধ্রের উপর মান্থা ঝাঁপিয়ে পড়লেও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সোম ও মঙ্গলবার এই দুর্যোগ চলতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে আটটি জেলায় ১২৮ টি দুর্যোগ মোকাবিলাকারী দল পাঠানো হয়েছে। ওড়িশা দুর্যোগ মোকাবিলা দফতরের মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, তাঁরা যে কোন ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য তৈরি হয়ে আছে। উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।
এছাড়াও চেন্নাই, পুদুচেরি, তামিলনাড়ুতে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। বাংলাকেও ছাড়ছে না মান্থা, কলকাতা সহ বেশ কিছু জায়গায় সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। অন্ধ্র উপকূলে মান্থা আছড়ে পড়ার সময় এর শক্তি থাকছে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।
